রাজশাহীতে হঠাৎ জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮ টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই আগাম ট্যাংক ভর্তি করতে ছুটে যান পাম্পগুলোতে।
তবে পাম্প মালিকরা বলছেন, “জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবের কারণে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি হয়েছে।”
সরেজমিনে দেখা যায়, রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। নগরীর তুলনায় গ্রামাঞ্চলের কয়েকটি পাম্পে ভিড় আরও বেশি ছিল।
হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেন সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ায় সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছিল। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে রুচিতা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নেওয়ার জন্য শতাধিক মোটরসাইকেল ও যানবাহন লাইনে অপেক্ষা করছে।
তেল নিতে আসা মোটরসাইকেল চালক সোহেল রানা বলেন, “শুনছি আবার আগের মতো তেলের সংকট হতে পারে। তাই আগে থেকেই ট্যাংক ভর্তি করে রাখার জন্য পাম্পে এসেছি।”
আরেক চালক জাকারিয়া বলেন, “সন্ধ্যার পর ফেসবুকে তেল সংকটের খবর দেখেছি। এরপরই তেল নিতে চলে এসেছি। কিন্তু এখানে এসে দেখি অনেক বড় লাইন। এখনও তেল পাইনি, অপেক্ষা করছি।”
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। হঠাৎ অতিরিক্ত ক্রেতা একসঙ্গে চলে আসায় কিছু পাম্পে সাময়িক চাপ তৈরি হয়েছে। তবে এটি কোনো প্রকৃত সংকটের কারণে নয়।
রাজশাহী পেট্রল পাম্প মালিক সমিতির উপদেষ্টা জ্যোতি চৌধুরী বলেন, “তেলের কোনো সংকট নেই। গুজবের কারণে মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে পাম্পে ভিড় করছেন। এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হচ্ছে। আমরা সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করুন এবং কৃত্রিম সংকট তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি করবেন না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









