পটুয়াখালীর দশমিনা সদরের মাছ বাজার এলাকা থেকে জাল নোটসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক পেশাদার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর বাজারের মাছ বাজার এলাকায় অভিযান তাকে আটক করা হয়।
আটককৃত বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সূর্যমনি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার একটি দল মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাবিবুর রহমানকে তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ৯টি এবং জাল নোটের একটি বান্ডিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে জাল নোট কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তিনি বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট ব্যবসার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জাল নোটগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জাল নোট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









