চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সৌদি আরবে থাকা অসুস্থ ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে দ্রুতগতির গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাদিজা বেগম (৫০) নামের এক নারী।
মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ তাতুয়া এলাকার বাদামতলা বেড়িবাঁধের পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন। তার একমাত্র ছেলে বর্তমানে সৌদি আরবে প্রবাসী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী অসুস্থ ছেলের জন্য অন্য এক বিদেশগামীর মাধ্যমে ওষুধ পাঠাতে এসেছিলেন খাদিজা বেগম। ওষুধ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির হাইচ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে না থেমে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









