বগুড়ায় অসুস্থ স্বজনকে হাসপাতালে নেওয়ার পথে এবং এক স্বজনের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটার দিকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল গেটে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে শফিকুল ইসলাম (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং একই উপজেলার বানদিঘী এলাকার খাদিজা বেগম (৫১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুল ও আরাফাত অসুস্থ স্বজনকে হাসপাতালে নেওয়ার পথে বাসচাপায় মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আশরাফুল, রফিকুল ও নজরুল। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাইকর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ জানান, গতকাল দিবাগত রাতে আশরাফুল স্ট্রোক করলে তাৎক্ষণিকভাবে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও শফিকুল একটি সিএনজিতে করে তাকে টিএমএসএস হাসপাতালে নিয়ে রওয়ানা দেন। হাসপাতালের গেটে পৌঁছানোর মুহূর্তেই একটি নাইটকোচ সিএনজিটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ও আরাফাত মারা যান। পরে স্বজনেরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
ইউপি সদস্য আরও জানান, আহতদের মধ্যে আশরাফুলের অবস্থা ভালো না হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
অপরদিকে, শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা বেগম তার এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে যাচ্ছিলেন। পথে শাজাহানপুরের রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গ পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল।
দুর্ঘটনার বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন বলেন, “দুর্ঘটনার পর পরই স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় প্রথমে নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নিয়ে দুই জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ ছাড়া রানীরহাটে নিহত নারীর মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









