কক্সবাজারের টেকনাফে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকীর উপস্থিতিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন বলে স্থানীয়দের দাবি।
রবিবার (২০ সেপ্টেম্বর) একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
গত শনিবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝাউবাগান এলাকায় আয়োজিত একটি পিকনিক শেষে মেরিন ড্রাইভে এ মিছিল করা হয় বলে জানা গেছে। পিকনিকটির আয়োজন করেন হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল। এতে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকে অংশ নেওয়া কয়েকটি গাড়ি পরে মেরিন ড্রাইভে ওঠে। এ সময় গাড়িবহর থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলও ব্যাহত হয় বলে স্থানীয়রা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই পিকনিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে কয়েকজন পিকনিক শেষে মেরিন ড্রাইভে গিয়ে স্লোগান ও মিছিলে অংশ নেন।
তবে মিছিলের সময় সেখানে উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান সিদ্দিকী।
তিনি সাংবাদিকদের বলেন, আমি আসার পর তারা অন্য জায়গায় সরে গিয়ে স্লোগান দিয়েছে। আমি তখন সেখানে ছিলাম না।
হাসান সিদ্দিকী আরও বলেন, ‘মূলত আমি প্রধান অতিথি ছিলাম না। হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আজিম সোহেল আমাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছেন। এটি তার এলাকার পিকনিক।
আয়োজক বিএনপি নেতা নুরুল আজিম সোহেল বলেন, ‘হাসান ভাই টেকনাফ থেকে আসার সময় আমরা তাকে সেখানে নামিয়েছি। আমি ও হাসান ভাই চলে আসার পর হয়তো এক-দুটি গাড়ির লোকজন এসব স্লোগান দিয়েছেন।
তিনি আরও বলেন, পিকনিকটা আমার নিজের এলাকার। আমিও এলাকার মানুষ, দল (বিএনপি) করি। এমন পরিস্থিতির কারণে দায় এড়াতে পারি না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









