মাদারীপুরের রাজৈর থানা পুলিশের মানব পাচার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জুলহাস সরদারকে (৫০) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে র্যাব-১০ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর থানার মামলা নং-২৪, তারিখ ১২ জুন ২০২৬, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় দায়ের হওয়া মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি জুলহাস সরদার।
এ অভিযানে তথ্যপ্রযুক্তিগত সহায়তা দেয় সিপিসি-৩, র্যাব-৮ (মাদারীপুর) এবং যৌথভাবে কাজ করে রাজৈর থানা পুলিশ।
জেলা পুলিশের দাবি, জুলহাস সরদার মাদারীপুরের রাজৈরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যেতেন। সেখানে তাদের আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নির্যাতনের ভিডিও ভুক্তভোগীদের পরিবারের কাছে পাঠিয়ে প্রতিটি পরিবারের কাছে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হতো।
এ ঘটনায় লিবিয়ায় আটক থাকা একাধিক ভুক্তভোগীর পরিবারের সদস্যরা রাজৈর থানায় এসে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তৃত তদন্ত চালিয়ে যাচ্ছে।
গ্রেপ্তার হওয়া জুলহাস সরদারকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মানব পাচারের মতো জঘন্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









