পাবনার ঈশ্বরদীতে সিএনজি অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে যানটি ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় শফিকুল ইসলাম (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাকে আটক করে এবং ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। একই ঘটনায় জড়িত অপর এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ জুলাই) রাতে পাবনা থেকে রূপপুরে যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুই ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। পথে ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী চালক থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার এবং একজন সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, আটক শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









