শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মোজাফফর হোসেনকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুরের দিকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে হাজির করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে ২১ জুলাই ট্রাইব্যুনাল-২ মেজর মোজাফফর হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়।
মেজর (অব.) মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









