গোপালগঞ্জে আদালত কক্ষে নারী শিক্ষানবিশ আইনজীবীকে কাঁচের পেপারওয়েট ছুড়ে মাথায় আঘাত করার ঘটনায় অভিযুক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম. গোলজার রহমান স্বাক্ষরিত আদেশে বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অনতিবিলম্বে আইন ও বিচার বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিচারকের প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন আইনজীবীরা। তারা অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
বুধবার আদালতের কার্যক্রম চলাকালে আদালত কক্ষের পেছনে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি নারী শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় প্রয়োজনীয় চিকিৎসা দেন।
ঘটনার পরপরই জেলা আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বিচারকের অপসারণ, বিভাগীয় ব্যবস্থা এবং নিরাপদ আদালত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
ঘটনার একদিনের মাথায় বিচারককে প্রত্যাহারের আদেশ জারি করল আইন মন্ত্রণালয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









