ময়মনসিংহের ত্রিশালে বহুল প্রতীক্ষিত ‘স্বপ্নের নজরুল সিটি’ প্রকল্পের প্রথম দৃশ্যমান কার্যক্রম হিসেবে উদ্বোধন করা হয়েছে ‘নজরুল সিটি শিশুপার্ক’।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন।
জানা যায়, প্রায় ১ দশমিক ৩০ একর জমির ওপর নির্মিতব্য শিশুপার্ক ও খেলার মাঠটির জমির মালিক জেলা প্রশাসক, ময়মনসিংহ। প্রকল্পটি বাস্তবায়ন করছে ত্রিশাল পৌরসভা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বপ্নের নজরুল সিটি’ প্রকল্পের অন্যতম আকর্ষণ এই শিশুপার্ক শিশুদের জন্য নিরাপদ ও আধুনিক বিনোদনের পরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে এটি পরিবারগুলোর জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম অবকাশকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির পাশাপাশি আধুনিক, নান্দনিক ও বাসযোগ্য ত্রিশাল গড়ার লক্ষ্যেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ‘স্বপ্নের নজরুল সিটি’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন, আধুনিকায়ন ও জনকল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিশুপার্কের উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে প্রকল্পের অন্যান্য অবকাঠামো ও নাগরিক সুবিধাও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









