কনসার্ট উপলক্ষে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি ঢাকায় পৌঁছান। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই গায়ক।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাবার নিয়ে প্রশ্ন করা হলে আতিফ বলেন, ‘খিচুড়ি আমার খুব পছন্দ। আর আপনাদের যে চা, সেটাও দারুণ লাগে।
এ ছাড়া বাংলাদেশের বিরিয়ানিরও তুলনা হয় না। আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে, চাইনিজ বা থাই খাবার পছন্দ কি না, তখন আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন, তারপর আমাকে বলুন।’
বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন আতিফ আসলাম। সেই স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় ছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। একপর্যায়ে তিনি “ও লাল মেরি” গানটি গেয়েছিলেন, যা খুবই জনপ্রিয়। তিনি অসাধারণ একজন শিল্পী, সত্যিকারের কিংবদন্তি। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে।’
বাংলাদেশে তার কোনো আত্মীয় আছেন কি না—এমন প্রশ্নের জবাবে আতিফ বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে আপনারা পরিবারের মতো। তবে আক্ষরিক অর্থে বলতে গেলে, এখানে কাজের সূত্রেই কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এর বাইরে তেমন কিছু নেই।’
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তাঁর পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভও পরিবেশনা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









