যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট সামগ্রীসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে। তাই খেলাধুলার প্রসার ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া ক্লাবের প্রতিনিধি এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









