দৈনিক এদিন পত্রিকায় "ঝোপঝাড়ের দখলে সিলেট-জকিগঞ্জ সড়ক, দেখার যেন কেউ নেই" শিরোনামে সংবাদ প্রকাশের পর সিলেট-জকিগঞ্জ সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ঝোপঝাড় পরিষ্কারের কাজে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সিলেট -জকিগঞ্জ সড়কের দুই পাশের আগাছা, লতাপাতা ও গাছের ডালপালা পরিষ্কার করেন বিডি ক্লিন এর সদস্যরা। এতে পথচারী ও যানবাহন চালকদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে দৈনিক এদিন-এ প্রকাশিত প্রতিবেদনে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় ছড়িয়ে পড়ে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি, যান চলাচলে বিঘ্ন এবং সড়ক নির্দেশক চিহ্ন আড়াল হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।
বিডি ক্লিনের সদস্যরা জানান, জনস্বার্থে নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও স্থায়ীভাবে ঝোপঝাড় পরিষ্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের মতে, গণমাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ইতিবাচক প্রভাবের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এ উদ্যোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









