টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ আন্দিউড়া-নোয়াহাটি এলজিইডি সড়কের একাধিক স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ী সমীরণ সরকার বলেন, “এই সড়ক দিয়ে তেলিয়াপাড়া-নোয়াহাটি হয়ে অল্প সময়েই মাধবপুর উপজেলা সদরে যাওয়া যেত। নোয়াহাটি বাজারের ব্যবসা-বাণিজ্যও এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু ঢলের পানির স্রোতে রাস্তার একাধিক স্থান ভেঙে যাওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
শুক্রবার সকালে সরেজমিন গিয়ে কথা হয় ব্যবসায়ী মুর্শেদ মিয়া সহ এলাকার কিছু লোকজনের সাথে। তারা জানান, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ অনেক মানুষ এই সড়ক ব্যবহার করেন। সাম্প্রতিক বন্যা ও টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সিএনজিচালক সুমন মিয়া বলেন, “আগে নিয়মিত এই সড়ক দিয়ে যাত্রী পরিবহন করতাম। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দুর্ঘটনার ভয়ে চলাচল বন্ধ রাখতে হচ্ছে।”
আন্দিউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, “শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এটি মেরামত করা হলে মানুষের কষ্ট কমবে।”
উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাউন নবী বলেন, “এবারের বন্যায় উপজেলার অনেক কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ করা হবে। আন্দিউড়া-নোয়াহাটি সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









