নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকে থাকা সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার তরমুজ পেট্রলপাম্প-সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরগামী নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কের খানাখন্দের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা কয়েকটি সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে গ্যাস নির্গত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









