বরগুনায় এক বিশেষ অভিযানে ৩৫০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বরগুনা পুলিশ সুপার কুদরত ই ক্ষুদা এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- চট্টগ্রাম হতে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। সংবাদের ভিত্তিতে তারা শুক্রবার (২৪ জুলাই) সকালে আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা নজরদারি রাখে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি বরগুনা বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে, বাসে অবস্থানরত মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন। পরবর্তীতে তার ব্যাগ চেক করলে, ইয়াবা থাকার কথা স্বীকার করে ব্যবসায়ী।’’
তিনি আরও বলেন, ‘‘তল্লাশিকালে তার ব্যাগের ভেতর থেকে ৩,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।’’
বরগুনা পুলিশ সুপার বলেন, ‘‘মাদকদ্রব্য পরিবহন ও বেচা বিক্রি আইনে, তার নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও বরগুনা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









