রাজধানীর ধানমন্ডিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ধানমন্ডি-৫ নম্বর সড়কের ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মো. শাকিল (২০)। তিনি মোহাম্মদপুরের ঝিগাতলার শিবপুরটালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সুধাসদনে যায়। সেখানে এক অজ্ঞাত যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙুলের ছাপের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









