নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
শনিবার ( ২৫ জুলাই ) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শ্রেণিকক্ষকে স্মার্ট ক্লাসরুমে রূপান্তরের লক্ষ্যে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান করা হয়।
এদিকে, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পালন করে আসছে উপজেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









