জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বনায়নকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেছেন, ‘‘সারিয়াকান্দির মাটি ও মানুষের প্রধান আন্দোলন হবে বেশি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।’’
শনিবার (২৫ জুলাই) বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে হুইল চেয়ার, বৃক্ষ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপজেলার দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আধুনিক হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
পাশাপাশি, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং প্রকৃতিপ্রেমী ও সবুজায়নে উদ্বুদ্ধ করতে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ পর্ব শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ.ন.ম বজলুর রশিদ বলেন, ‘‘রোপণ করা প্রতিটি চারা যাতে সুস্থ, সবলভাবে বড় হয়ে ওঠে, সেজন্য নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে।’’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









