চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রোমিও দাশ গুপ্ত (৩০) নিহত দম্পতির একমাত্র ছেলে।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়েছে। শনিবার সকালে তিনি মা-বাবাকে সঙ্গে নিয়ে বাইরে যান। পরে বেলা পৌনে ১২টার দিকে বাড়িতে ফিরে হঠাৎ ধারালো ছুরি দিয়ে প্রথমে মায়ের ওপর হামলা চালান। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। স্বজনরা চিৎকার শুনে ছুটে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান।
গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে তার নিজ ঘর থেকে আটক করে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









