কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামে অভিযান চালিয়ে আসামি সুশিলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুশিলের বিরুদ্ধে সেশন মামলা নং-৭৩/১৮ ও জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান পরিচালনা করেন। পরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের ফসলি মাঠ থেকে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ এস আই ফরহাদ হোসেন জানান, আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে কৃষক সেজে তার কাছাকাছি হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধাওয়া করে ধরতে সক্ষম হই। পরে ওসি স্যারসহ নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
নাচোল থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









