মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা বাজারে এসে প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রবিরবাজারের নামা বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক হাটের দিন হওয়া সত্ত্বেও অন্যান্য দিনের তুলনায় ক্রেতার উপস্থিতি ছিল অনেক কম। অধিকাংশ ক্রেতাই পণ্যের দাম জিজ্ঞেস করে না কিনেই ফিরে যাচ্ছেন।
বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। আলুর কেজি ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা, লেবুর হালি ২০ টাকা থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা থেকে ৩০০ টাকা, পেঁপে ৩০ টাকা থেকে ৫০ টাকা, লাউ ৫০ টাকা থেকে ১২০ টাকা, পাতাকপি ৮০ টাকা থেকে ১০০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা থেকে ৬০ টাকা, বইটা ৪০ টাকা থেকে ৮০ টাকা এবং করলা ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে কিছু পণ্যের দাম কিছুটা কমেছে। কচুমুখী ৮০ টাকা থেকে ৬০ টাকা, আদা ২০০ টাকা থেকে ১৫০ টাকা, খারকুল ১৫০ টাকা থেকে ১০০ টাকা, টমেটো ২০০ টাকা থেকে ১৫০ টাকা এবং গাজর ২০০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মাছের দাম প্রতি কেজি ২০০ থেকে ৬০০ টাকা এবং সাদা ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
স্থানীয় ক্রেতারা জানান, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি পেলেও বর্তমান বাজারদরে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও বন্যার কারণে অনেক দিনই তারা কাজ করতে পারছেন না। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় পরিবার চালাতে চরম কষ্ট হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সরবরাহ কমে যাওয়ায় তাদের অধিকাংশ পণ্য বাইরের জেলা থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে। সাম্প্রতিক বৃষ্টি ও বন্যায় স্থানীয় কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। ফলে বেশি দামের কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে এবং বাজার অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, বাজারে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হলে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









