‘পরিবেশ সুরক্ষায় আগামী প্রজন্ম, গাছ লাগাই গাছ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে ‘সুহৃদ সমাবেশ’ উদ্যোগে পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
সমকাল পাবনা অফিসের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিক আল কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াবের পরিচালক মো. আব্দুস সামাদ, পাবনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা কাজল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা উম্মে সালমা কোহিনুর এবং শিক্ষার্থী ফাতেমা খাতুন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস তৈরি করতে হবে। একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষিত করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও সমকাল বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলা নববর্ষে প্রজন্ম বরণ, বিজ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্যচর্চা, জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক কর্মসূচি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









