নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং একটি ব্যাটারি কারখানাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা, রূপসী ও তারাবো এলাকায় পরিচালিত অভিযানে ভুলতার এসিআই গডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড, রূপসীর আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এবং তারাবোর জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেড-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিএসটিআই সূত্র জানায়, এসিআই গডরেজ অ্যাগ্রোভেট ও আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড প্রয়োজনীয় বিএসটিআই গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন ও বাজারজাত করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে, জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারির জন্য প্রয়োজনীয় সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। তিনি জানান, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি বিবেচনায় সরকার পোল্ট্রি ও ফিশ ফিডের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগেই প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা তা গ্রহণ না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে মুচলেকা দিয়ে বিএসটিআইয়ের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি উৎপাদিত পণ্যের মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, ফিডে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই।
অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









