কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর জেলা সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম পুলিশকে ‘চাপে ফেলার’ হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাঁর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টে তিনি লেখেন, মাননীয় পুলিশ কমিশনার/পুলিশ সুপার মহোদয়, মিছিল করেছি, কাউকে হত্যা করি নাই। রাষ্ট্রের কোনো ক্ষতিও করি নাই। পুলিশ যদি ডিস্টার্ব করেন আমার নেতাকর্মীদের, তাহলে আপনাদেরকেও চাপে ফেলার কৌশল আমি জানি।
আরও লেখেন, সকল থানার সামনে মিছিল করব। আর আমার সম্পর্কে ধারণা আছে তো ইনশাআল্লাহ। আমি যা বলি তা করি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে বলেন। প্রতিহিংসা বা রাষ্ট্রের শক্তি দিয়ে নয়।
পোস্টের শেষে তিনি নিজেকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি” হিসেবে পরিচয় দেন।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর বক্তব্যের সমর্থন জানিয়েছেন, আবার কেউ সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, মিছিলটি গাজীপুর মেট্রোপলিটন এলাকার মধ্যে হয়েছে। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









