নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ঢাকা যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ফজলুল হক (৬০) নামে এক রোগী। তাকে বহনকারী একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি। রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিকট শব্দে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান।
আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা ফজলুল হক প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় যান। অন্য মাসের মতো আজ সকালেও তিনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তবে পথেই এই দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার পর ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বিকল্প আরেকটি অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার পর খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করেছে। খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









