উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়াকে দেশের নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবিতে মিলল বড় ধরনের রাজনৈতিক সমর্থন। জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা—এই চার জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে স্বতন্ত্র বিভাগ করার প্রস্তাবে সর্বসম্মত সমর্থন জানিয়েছেন। ফলে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে আয়োজিত ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “চার জেলার সব সংসদ সদস্য ও মন্ত্রীরা সর্বসম্মত সমর্থন দিয়েছেন যাতে বগুড়ায় নতুন বিভাগ হয়। চার জেলা নিয়ে যদি দেশের অন্যান্য বিভাগ হতে পারে, তবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র বগুড়াও একটি স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্ণ যোগ্য।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় বগুড়ার অবকাঠামো, যোগাযোগ ও নগর উন্নয়নে একাধিক মেগা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ করতে গাবতলী-সারিয়াকান্দি-মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলের সঙ্গে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে চলছে। এছাড়া শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ ও নিচ দিয়ে ট্রেন চলাচলের সমন্বিত নকশা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রশাসনিক ও আইনশৃঙ্খলা খাত জোরদারে জেলার জন্য ২০টি নতুন পুলিশি গাড়ি সরবরাহ, অবশিষ্ট ১০টি থানাকে মডেল থানায় রূপান্তর এবং বগুড়া সিটি করপোরেশনকে মেট্রোপলিটন পুলিশিংয়ের আওতায় আনার কার্যক্রম চলছে। অন্যদিকে, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডিএ) গঠনের খসড়া আইন ইতোমধ্যে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে।
পরিকল্পিত নগরায়ণে জেলার জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং নতুন ঠিকাদারদের কাজের সুযোগ বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধনের কাজ চূড়ান্ত করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে জারি হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বগুড়া-১ থেকে বগুড়া-৭ আসনের সংসদ সদস্যবৃন্দ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









