নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টা মাদক ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৭ জুলাই) আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরের নেতৃত্বে উপজেলার কয়ানিজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটের একটি চালানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের জসিম বাজার কয়ানিজ পাড়া এলাকার তানভিরুল আফসারের ছেলে মেহেদি আসাদ (৩১) ও মাঝাপাড়া এলাকার মোমিনুল হকের ছেলে শরিফ ইসলাম (২৮) উভয়েই সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ১ হাজার পিস ট্যাপেন্টা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টা মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









