কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন চৌকিদার (৫৮) নামে এক গ্রাম পুলিশের (মহল্লাদার) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চল্লিশপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বানেজ চৌকিদার ওই এলাকার বাসিন্দা এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত মহল্লাদার ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পারিবারিক বিষয় নিয়ে বানেজ চৌকিদারের সঙ্গে তার ছেলে রাজিব আহমেদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব তাঁর হাতে থাকা ভারী টর্চলাইট দিয়ে বাবা বানেজ চৌকিদারের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা প্রথমে বাড়িতেই তাঁর মাথায় পানি ঢেলে ও প্রাথমিক শুশ্রূষা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যেই বানেজ চৌকিদারের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, বানেজ চৌকিদার দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের মহল্লাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলের টর্চলাইটের আঘাতে পিতা বানেজ চৌকিদারের মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









