রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই অর্থের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন অসংখ্য পরিবারের সদস্য। তাই রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের জনগণের স্বার্থের পরিপন্থি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থে দেশের বহু পরিবারের ভরণপোষণ চলে। অনেক পরিবার প্রবাসে থাকা স্বজনদের পাঠানো টাকার অপেক্ষায় থাকে। ফলে রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের অর্থনীতির পাশাপাশি এসব পরিবারের জীবনযাত্রার জন্যও উদ্বেগজনক।
তিনি বলেন, ‘‘আপনাদের এই বক্তব্য চরমভাবে শুধু দেশবিরোধী, মানবতাবিরোধী এবং দেশের জনগণের স্বার্থের পরিপন্থি।’’ রেমিট্যান্স বন্ধের হুমকি দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, বিদেশে কর্মরত সব বাংলাদেশি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী নন। সেখানে বিভিন্ন দলের সমর্থকদের পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন প্রবাসীরাও রয়েছেন। রেমিট্যান্স বন্ধের হুমকি কার্যকর হলে দেশের মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে।
রিজভীর অভিযোগ, একটি পক্ষ জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ছাত্রদলকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা বাড়ানোর আহ্বান জানান। দেশের সংস্কৃতি, সাহিত্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, স্কুল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি এবং মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করার কথা বলেন।
আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মধ্যেও ছাত্রদল হারিয়ে যায়নি। এখন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিবর্তনের সুযোগ এসেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং নিজেদের ভুলত্রুটি সংশোধনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ‘কমল কুঁড়ি-জিয়া স্মৃতি পাঠাগার’র আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে ছাত্রদল।
তিনি আরও বলেন, হাতে লেখা চিঠি প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সময়েও সৃজনশীল চর্চা ধরে রাখার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









