বিয়ের পাত্র কেমন হওয়া উচিত, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রমণপ্রিয় কাউকে চান তিনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তার সন্তানদের ভালোবাসতে হবে—এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন মিমি।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ, এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলেই মিমি জানান, অন্যের বিয়ের অনুষ্ঠানে যেতে তার বেশ ভালো লাগে। বিশেষ করে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তা তার কাছে আরও ভালো লাগে। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’

এদিকে, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রী জানান, সৃজিত তাকে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র আলোচিত চরিত্র ‘পুপে’র উদাহরণ দিয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









