সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন। তিনি বলেছেন, রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের চোখ হিসেবে সাংবাদিকেরা দায়িত্ব পালন করেন। সরকারের দৃষ্টির আড়ালে থাকা সত্য ও সমস্যাগুলো তুলে ধরলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা এবং প্রেস ক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এম. ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন আর সরকার বলেন সবার চোখ হলেন আপনারা, সাংবাদিকেরা। আমাদের চোখে যা পড়ে না, তা আপনারা দেখিয়ে দেবেন। সংবাদ যেন বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ হয়। একটি বস্তুনিষ্ঠ সংবাদ হলে আমরাও কাজ করতে পারি।
শোনা তথ্য যাচাই না করে প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যা শুনলেন, তা-ই ছাপিয়ে দিলেন এমনটি যেন না হয়। সারা দেশের কোথায় কী হচ্ছে, সবকিছু আমি জানি না। আপনারা জানেন। আপনারা সত্যটা তুলে ধরলে আমি কাজ করতে পারব।”
সংবর্ধনার প্রসঙ্গে ইকবাল হোসেইন বলেন, সংবর্ধনা দিয়ে আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি আপনাদেরই মানুষ। আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। গৌরীপুরে আমাকে সংবর্ধনা দেওয়া কেমন যেন লাগে। তবে প্রতিমন্ত্রী হওয়ায় সংবর্ধনা দেওয়ায় আমার কিছু বলার নেই।
বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যস্ততা বেড়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এখন আমার মন্ত্রণালয়ের কাজের মৌসুম চলছে। যেখানেই দুর্যোগ হচ্ছে, সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে।”
সংবাদের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগে একটি এলাকার সংবাদে দেখলাম, সেখানকার ৯০ শতাংশ মানুষ ত্রাণ পাননি। সংবাদটি দেখে আমি তাৎক্ষণিকভাবে পাঁচজন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। ওই সংবাদ প্রকাশের পর সেখানে কাজ হয়েছে। আপনারাও এ ধরনের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ করবেন। তাহলে আমি কাজ করতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেইন গৌরীপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









