জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘‘কিশোরগঞ্জের নাম শুনলেই একটি দুষ্টু লোকের নাম সবার মনে পড়ে—ফজু পাগলা (কিশোরগঞ্জের সংসদ সদস্য)। তিনি কিশোরগঞ্জবাসীর মান-ইজ্জত নষ্ট করেছেন।’’
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘‘কিশোরগঞ্জে এখনো আওয়ামী লীগের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ওই গোষ্ঠীর মুখপাত্র হিসেবে ফজলুর রহমান কাজ করছেন।’’
তিনি সরকার এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘কিশোরগঞ্জবাসীকে এই শীর্ষ সন্ত্রাসীর হাত থেকে উদ্ধার করুন। তার কারণে জেলার মানুষের মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। কিশোরগঞ্জবাসী তাকে প্রত্যাখ্যান করতে চায়। তাই তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিন।’’
সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘‘গত ১৫ বছর ধরে কিশোরগঞ্জের এমপি ছিলেন মুজিবুল হক চুন্নু। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। কিশোরগঞ্জবাসীর ওপর এমন কোনো নির্যাতন নেই, যা তিনি করেননি। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে তার হাত থেকে উদ্ধার করেছেন।’’
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









