সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক, ড. জাহাঙ্গীর সরকার -কে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপ-উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:
নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা নিজের অবসর গ্রহণের তারিখ যেটি আগে ঘটবে, সেটি পর্যন্ত এ পদে বহাল থাকবেন।
উপর্যুক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন
তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার জানান, তিনি ই-মেইলে মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠিয়েছেন। আগামীকাল হার্ড কপি জমা দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









