জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘‘বিএনপি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে। বাংলাদেশের মানুষ এই প্রতারণা মেনে নেবে না। গণভোটের রায়কে বাস্তবায়ন করেনি বিএনপি। রায় বাস্তবায়ন করতে হবে। তাহলেই জনগণের প্রত্যাশা পূর হবে।’’
সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সমালোচনা করে আখতার হোসেন বলেন, ‘‘বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে বসাচ্ছে। অথচ, দেশের যুবসমাজ কাজ পাচ্ছেন না। তাদের অধিকারকে অবজ্ঞা করা হচ্ছে। আমারা চাই, জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে। যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের লোকজনকে না বসিয়ে জনগণের কথা ভাবুন। তাহলেই এই সরকার হবে প্রকৃত জনগণের সরকার।’’
ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘বাংলা ভাষায় কথা বলতে পারে না এমন লোকদেরও ভারত সরকার বাংলাদেশি নাগরিক বলে প্রচার করে জোর করে সীমান্ত পার করে ঠেলে দিচ্ছে। এসব অন্যায় এদেশের মানুষ মেনে নেবে না।’’
চুয়াডাঙ্গা এনসিপি জেলা কমিটির আহ্বায়ক খাজা আমিরুল বাশারের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









