সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি সংরক্ষণ, দখলমুক্ত রাখা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস সোবহান।
সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিন, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন, বিএনপি নেতা কয়েছ মিয়া, এনামুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক মেম্বার আব্দুর রহিম, অ্যাডভোকেট কবির উদ্দিন সাজু, আলী হোসেন মানিক, এস এম মাহমুদ, মাস্টার দেওয়ান আবুল কালাম, আইয়ুব আলী, হাজি এখলাছ মিয়া, আবুল হোসেন, ঈমান আলী, প্রবাসী ফয়াজ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কৈতক ২০ শয্যা হাসপাতাল এলাকার মানুষের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হাসপাতালের নির্ধারিত ভূমি সংরক্ষণ ও দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। তারা হাসপাতালের জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তারা হাসপাতালের ভূমি সংরক্ষণে সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং হাসপাতালের স্বার্থে যেকোনো অনিয়ম বা দখলচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









