নরসিংদী সদর উপজেলার মাধবদী হাটে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে ওই জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং হাতেনাতে ৩ জনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং রোড সংলগ্ন খোলা মাঠে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের অবাধ ক্রয়-বিক্রেতা, সংরক্ষণ এবং মজুদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
প্রশাসন সূত্রে জানা যায়, হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের অবৈধ জাল কেনাবেচা চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট আইনে আটককৃতদের কাছ থেকে সর্বমোট ৭১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অবৈধ জালগুলো পরবর্তীতে প্রকাশ্য মাঠে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, নরসিংদী সদর র্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা। প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









