দেশের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশকে বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।’’
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই; বরং পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কঠোর নজরদারিতে রেখেছে।’’
তিনি আরও বলেন, ‘‘কৃষিকে রপ্তানিমুখী ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









