কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আনুমানিক (৬০) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মিরপুর উপজেলার বিজিবি সেক্টর সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের আঘাতে মরদেহ কয়েকটি অংশে বিভক্ত হয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন থানায় তথ্য পাঠানোসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুসাইন বলেন, ‘‘ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় বিভিন্ন স্থান থেকে খণ্ডাংশ সংগ্রহ করতে হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









