সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে যুবসমাজ কর্তৃক পরিচালিত ‘গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, শিশুদের উপস্থিতি ও অবকাঠামোগত সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
বিদ্যালয়ের চমৎকার শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিশুদের শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে।’’
তিনি আরও বলেন, ‘‘টেকসই বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা আমাদের মূল লক্ষ্য। এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।’’
এদিকে, সকাল ১১টায় বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









