চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ধুমধুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে চট্টগ্রামে আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ডেভিড ইমন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ বলছে, চট্টগ্রামে সাজ্জাদের হয়ে নানা অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন ইমন।
সম্প্রতি চট্টগ্রামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবির ঘটনায় ইমনের নাম আসে।
বাকলিয়া এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবার কোম্পানির মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ৩০-৪০ জনের একটি দল ডিডিএন অফিসে গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
ওই ঘটনার পর র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, আইএসপি প্রতিষ্ঠানে হামলাকারী ওই যুবকদের জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল। আর এর পেছনে ছিলেন ইমন।
এর পর থেকেই ডেভিড ইমনকে ধরতে অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৭ জুলাই বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইমনের দুই সহযোগী আসিফ ও সাইদুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।
সে সময় তাদের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। সহযোগীদের গ্রেপ্তারের দুদিনের মাথায় এবার ইমনও ধরা পড়লেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









