দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু** হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতদের মধ্যে ৭৩৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৬ জন মারা গেছে হাম আক্রান্ত হয়ে।
একদিনে আক্রান্ত আরও ১ হাজার ৭৫ জন
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার তথ্য
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি সম্পন্ন করা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









