কিশোরগঞ্জে পৃথক স্থানে পুকুরে ডুবে ২ জন, সড়ক দুর্ঘটনায় ২ জন ও বজ্রপাতে ১ জন নিহত হয়।
বুধবার (২৯ জুলাই) জেলার মিঠামইন, করিমগঞ্জ, পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় এ ঘটনা ঘটে।
মিঠামইনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রিফাত মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২)। তারা একই গ্রামের রুবেল মিয়ার সন্তান।
জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে দেখে দ্রুত উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।’’
মিঠামইন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’
করিমগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালক নিহত
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রুহুল আমিন নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের কাইকুরদিয়া মোড়ে সিএনজি চালানোর সময় একটি দ্রুতগতির পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকুন্দিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষিজমিতে ধান রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৪০) সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের সাদুরবাড়ি এলাকার রেজেক মিয়ার ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর নিহত
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় অন্তরা আক্তার (২৭) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে কটিয়াদী গামী সিএনজিকে ভৈরব থেকে আসা একটি পিকআপ চাপ দিলে সিএনজির ডান পাশে বসে থাকা অন্তরার মাথা বাহিরে থাকায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ জানান, অজ্ঞাতনামা একটি পিকাপের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। পিকাপটি শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









