ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জবাব দেওয়া হবে এবং এর জন্য ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে।
ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওদেরকে পিটিয়ে শায়েস্তা করা হবে। আমরা জোরালো হামলা চালাব। ওদের কঠিন শাস্তি দেওয়া হবে।”
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ছোড়া সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাটি ছিল ‘অপ্রত্যাশিত’। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির দিকে ধেয়ে আসার পর মার্কিন সেনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য মাত্র কয়েক মিনিট সময় ছিল।
তিনি আরও দাবি করেন, হামলার সময় তিনি এমন ভিডিও দেখেছেন, যেখানে মার্কিন সেনারা দ্রুত ক্ষেপণাস্ত্র শনাক্ত করে একে একে সেগুলো প্রতিহত করছেন। তার দাবি, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ভূখণ্ড থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত হামলার চেষ্টা’ বলে উল্লেখ করেছে। যদিও তারা লক্ষ্যবস্তু দেশের নাম প্রকাশ করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।
সাক্ষাৎকারে ট্রাম্প সম্প্রতি ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পক্ষেও অবস্থান নেন। তিনি দাবি করেন, ওই অভিযান ইরাক সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে “বিশ্বের জন্য একটি ক্যানসার” আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তেহরানের আঞ্চলিক মিত্রদের ওপরও যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।
তবে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও ইরানের সঙ্গে আলোচনা বন্ধ হবে না এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









