বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের আওতায় বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে একাডেমিক ভবন ২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনার সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, ‘‘গবেষকদের গবেষণা কর্ম যেন আরও সুষ্ঠু, ফলপ্রসূ এবং সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে।
উপাচার্য বলেন, ‘‘মানসম্মত গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে পূর্ণতা দেয় এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য হিসেবে অংশ নিয়ে গবেষণা প্রস্তাবনাগুলোর ওপর তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
বিজনেস স্টাডিজ অনুষদ বিভাগের শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত থেকে নিজ নিজ গবেষণা প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা উপস্থাপন করেন। সেমিনারে গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









