কাঁঠালের বীজকে এতদিন অপচয় বা তুচ্ছ কৃষিজ উপাদান হিসেবে ধরা হলেও, সেই ধারণাকে বদলে দিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) এক যুগান্তকারী গবেষণা। বিশ্ববিদ্যালয়টির গবেষকরা কাঁঠালের বীজ থেকে উচ্চমাত্রার খনিজসমৃদ্ধ 'মিনারেল কনসেন্ট্রেট' তৈরির নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দেশের খাদ্যশিল্পে পুষ্টিমান বৃদ্ধির পাশাপাশি কৃষিজ বর্জ্য ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
গাকৃবির খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন দীর্ঘ তিন বছরের গবেষণায় এই সফলতা অর্জন করেন। উদ্ভাবিত প্রযুক্তিটি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) আনুষ্ঠানিক পেটেন্ট অনুমোদন লাভ করেছে।
গবেষকরা জানান, সাধারণ শুকনো কাঁঠালের বীজে মাত্র ২ শতাংশ খনিজ উপাদান থাকে। তবে নতুন এই প্রযুক্তির মাধ্যমে খনিজকে ঘনীভূত করে ৩৩ শতাংশেরও বেশি (প্রায় ১৬ থেকে ১৭ গুণ) মিনারেল কনসেন্ট্রেটে উন্নীত করা সম্ভব হয়েছে।
অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, "এই কনসেন্ট্রেট বিস্কুট, বেকারি পণ্য, শিশু খাদ্য ও স্ন্যাকসে ব্যবহার করা হলে খাদ্যের পুষ্টিমান বহুলাংশে বৃদ্ধি পাবে। এতে করে এতদিন অবহেলিত কাঁঠালের বীজ অর্থনৈতিকভাবে অত্যন্ত মূল্যবান কাঁচামালে পরিণত হবে।"
বিশেষজ্ঞদের মতে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও জিঙ্কের মতো অত্যাবশ্যকীয় উপাদান দেহের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি। ফলে এই প্রযুক্তি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান জানান, কৃষিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এমন গবেষণার কোনো বিকল্প নেই। এই পেটেন্টপ্রাপ্ত উদ্ভাবন ভবিষ্যতে দেশের কৃষি, খাদ্যশিল্প ও পুষ্টি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









