চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেও বিষয়টিকে কোনো প্রতিযোগিতা বা অর্জনের বিষয় হিসেবে দেখছেন না। বরং সাকিবের সঙ্গে নিজের তুলনাকে অনর্থক বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “গত তিন বছর ধরে দেখছি—‘সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমণি’ কিংবা ‘সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরীমণি’—এমন শিরোনাম করা হয়। কিন্তু আমরা কি দুজন মাঠে খেলতে যাই? এখানে তো হারা-জেতার কোনো বিষয়ই নেই।”
সাকিবের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “উনি একজন আন্তর্জাতিক মানের মানুষ। বিশ্বজুড়ে তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। আর আমি তো দেশের গণ্ডি পেরিয়ে তেমন কোনো কাজই করিনি। সেই জায়গা থেকে তার সঙ্গে আমার কোনো তুলনাই চলে না।”
নিজের অনুসারীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরীমণি বলেন, “দর্শকেরা আমাকে ভালোবেসে প্রথম থেকেই অনুসরণ করছেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। তবে এটিকে সাকিবের সঙ্গে তুলনা করা ঠিক নয়।”
দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তিত্ব ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি সেই অবস্থান পেরিয়ে শীর্ষে উঠে এসেছেন পরীমণি। তবে এই পরিবর্তনকে তিনি ব্যক্তিগত সাফল্যের বদলে ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









