সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে বাংলাদেশ বেতারের সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও স্কুল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, বিদ্যালয়ে পাঠদান শেষে বেতনের চেক নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বের হন মুরাদ আহমদ। বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মুরাদ আহমদের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আর মাত্র তিন মাস পরই তার অবসরে যাওয়ার কথা ছিল। হঠাৎ এমন মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









