তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) নিয়ামতপুর সরকারপাড়ার ‘নব দিগন্ত সংঘ ক্লাব’-এর তরুণ ও খুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা এবং উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু ক্লাবের খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম কার্যকর উপায়। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
ইউএনও ফারাহ ফাতিহা তাকমিলা খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে। এছাড়া খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান জীবনযাত্রার পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী হওয়া সময়ের দাবি। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নব দিগন্ত সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









