চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস ও চরতী ইউনিয়নের পানি চরতী এলাকা থেকে মো. হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার চরতী ও ছদাহা ইউনিয়নে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চরতী ইউনিয়নের পানি চরতী এলাকায় বিদ্যুৎ খুঁটির পাশে হাসানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। পরিবারের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মরদেহে কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস নিহত হন। তিনি একই গ্রামের মৃত ফজল করিমের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দুই ঘটনাতেই প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ইউনুস হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চরতীর ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









